নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ২৬ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিকরা। সিরিজে টিকে থাকতে এবারের মোকাবেলায় জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। প্রথম ম্যাচে বাংলাদেশের সেরা পারফমরার শরিফুলের বিশ্বাস, সিরিজে ফিরবে বাংলাদেশ। আজ সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে সকাল ১১টায়। গতকাল রোববার বিসিবি আয়োজিত ম্যাচ পূর্ব সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। সফরকারী নিউজিল্যান্ড দলে একাধিক নিয়মিত ক্রিকেটার না থাকলেও তাদের দ্বিতীয় সারির দল মানতে নারাজ তিনি।
শরিফুল বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সেকেন্ড বা থার্ড টিম বলে কিছু নেই। যারা খেলছে তারা ঘরোয়া ক্রিকেটে ভালো করেই এখানে এসেছে। এখনও আমাদের হাতে দুইটা ম্যাচ আছে। আমাদের সেই সক্ষমতা আছে, ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়াতে পারব।’ প্রথম ম্যাচে ভুলের কথাও স্বীকার করেছেন এই বাঁ-হাতি পেসার, ‘একটা ম্যাচে হয়তো আমরা কিছু ভুল করেছি। তারা ভালো দল, আমরাও ভালো দল। ইনশাআল্লাহ পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো।’ লোয়ার অর্ডারে ব্যাটিং অবদান নিয়ে কাজ হচ্ছে বলেও জানান তিনি। শরিফুল বলেন, ‘আমরা বিষয়টা অনুভব করি এবং এটা নিয়ে কাজ করছি। শেষ ম্যাচে আমি আর নাসুম ভাই যদি আর একটু ভালো করতে পারতাম তাহলে ম্যাচটা আরও ক্লোজ হতে পারত। পরের ম্যাচে ব্যাটিংয়েও অবদান রাখার চেষ্টা করব।’
তীব্র গরমে খেলার বিষয়ে শরিফুল বলেন, দলের খেলোয়াড়রা ফিটনেস ক্যাম্প করায় ভালো অবস্থায় আছে। তিনি বলেন, ‘আমাদের যারা আছে তারা এশিয়া কাপের পর ফিটনেস ক্যাম্প করেছে। তাই তারা ভালো অবস্থায় আছে। আর যারা টি-টোয়েন্টি থেকে এসেছে তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে।’ সিরিজের বাকি ম্যাচগুলো নিয়েও আত্মবিশ্বাসী শরিফুল, ‘আমাদের বিশ্বাস আছে আমরা কামব্যাক করতে পারব। আমাদের সেরা ক্রিকেট খেলতে পারলে অবশ্যই ফল আনতে পারব।’ উল্লেখ্য ২০২৩ সালে বাংলাদেশের মাটিতে সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। যা ছিল ২০০৮ সালের পর বাংলাদেশের মাটিতে কিউইদের প্রথম সিরিজ জয়। সব মিলিয়ে ৪৭ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরমধ্যে নিউজিল্যান্ড ৩৫ এবং বাংলাদেশ ১১ ম্যাচে জয় পেয়েছে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশ দল : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড দল : টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, বেন লিস্টার ও উইল ইয়ং।