স্কুল ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েই যাচ্ছে খুদে ক্রিকেটাররা। নতুন করে আলো ছড়িয়েছে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তানভীর আহমেদ। এক ইনিংসে ৮ উইকেট নিয়ে স্কুল ক্রিকেটে এখন পর্যন্ত সেরা পারফরমার এই কিশোর। গতকাল শনিবার মাগুরা এজে একাডেমি ও মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয়। আগে ব্যাটিং করতে নেমে এজে একাডেমি তানভীরের রোষানলে পড়ে। তার বিধ্বংসী বোলিংয়ে ১০৩ রানে অলআউট হয় প্রতিপক্ষ এজে একাডেমি। সর্বোচ্চ ২৫ রান করেন আব্দুর রহিম। এজে একাডেমির ১০ উইকেটের মধ্যে আটটি শিকার করেন তানভীর। ৭.২ ওভার বোলিং করে ৩৪ রান খরচায় তার শিকার ৮ উইকেট। বাকি দুই উইকেটের একটি আসে রান আউট থেকে, অন্যটি নেন ইমাম হাসান। ১০৪ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে তানভীরের মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় ২১.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রানের ইনিংস খেলেন ইমাম। প্রতিপক্ষকে গুটিয়ে দিয়ে দলের জয় সহজ করা তানভীর হন ম্যাচ সেরা।