বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেটে সাবেক জাতীয় দলের ক্রিকেটারদের সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই মাহমুদউল্লাহকে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। আগামী ২০২৮ যুব বিশ্বকাপ আসর বসবে বাংলাদেশে। সেই পর্যন্ত যুব দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহ। তামিমের আগ্রহতে মাহমুদউল্লাহকে যুক্ত করা হয়েছে যুব দলের সঙ্গে। এরপর বিসিবির গেম ডেভেলাপমেন্ট বিভাগ থেকেও বড় পরিকল্পনা করে মাহমুদউল্লাহকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে।

সম্প্রতি এক স্বাক্ষাৎকারে মাহমুদউল্লাহ বলেন, ‘একদিন বিসিবি সভাপতি তামিম ইকবাল আমাকে ফোন করেছিলেন। এরপর আমি তার সঙ্গে কথা বলি যে, যেহেতু আমি পেশাদার ক্রিকেট খেলছি, তাই আমি তরুণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করার জন্য একটি সময় বের করতে পারি এবং তাদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারি। আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। আবারও বলছি, এটা আমার জন্য একটি ভালো সুযোগ। আমি মনে করি, ইনশাআল্লাহ, যদি আমি আমার জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নিতে পারি এবং বাংলাদেশের ক্রিকেটারদের, বিশেষ করে তরুণদের সাহায্য করতে পারি, তাহলে আমি খুবই খুশি হব।’

২০২৫ সালের সেপ্টেম্বরে মাহমুদউল্লাহ বিসিবি আয়োজিত একটি বিশেষ ব্যাটিং কোর্সে অংশ নেন। সে সময় ধারণা করা হয়েছিল, মাহমুদউল্লাহ ধীরে ধীরে কোচিংয়ে আগ্রহী হয়ে উঠেছেন। আর মেন্টরিং ভূমিকায় বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিটে তার অন্তর্ভুক্তি সেই পথচলার প্রথম ধাপ বলেই মনে হচ্ছে। এ ব্যাপারে মাহমুদউল্লাহ বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় সম্মানের বিষয়, কারণ আমি যত বছর ক্রিকেট খেলেছি এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য আমরা যা কিছু অর্জন করতে পেরেছি। আমি মনে করি, এখন বাংলাদেশ ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেয়ার সময় এসেছে। এটাই মূল উদ্দেশ্য।’