চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তৃতীয় ওয়ানডের আগে দুই দলের লক্ষ্যই এখন সিরিজ জয়। তার আগে গতকাল নিউজিল্যান্ড দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন পেসার উইল ও'রুর্ক। কথা বলেছেন নিজের মাঠে ফেরা, উইকেট, কন্ডিশনের চ্যালেঞ্জ এবং টাইগার পেস ইউনিট নিয়েও। বাংলাদেশে আসা নিয়ে উইল বলেন, 'হ্যাঁ দারুণ লেগেছে ফিরতে পেরে। অনেক দিন পর মাঠে ফিরলাম। অনেক দিন ধরেই আমি এই সফরের প্ল্যান করছিলাম। প্রথমবার বাংলাদেশে আসলাম। দারুণ উপভোগ করছি। ব্যাট করাটা সহজ নয় হয়তো। তবে ছেলেরা দারুণ সময় কাটাচ্ছে।' চট্টগ্রামের উইকেট দেখা নিয়ে উইল বলেন, 'পাশ দিয়ে হেঁটে আসলাম। মনে হচ্ছে আগেরগুলোর কাছাকাছিই হবে। গত ২ ম্যাচের পিচও ভালোই ছিল। সব মিলিয়ে এখনও পর্যন্ত ভালোই।' এত গরমে বল করা কতটা কঠিন এমন প্রশ্নের জবাবে উইল বললেন, 'আসলে এখানে অসম বাউন্স আছে কিছুটা। চেষ্টা করি উইকেটে ভালোভাবে হিট করে সেই বাউন্সটা আদায় করে নিতে। আগের ম্যাচে সুযোগটা হাতছাড়া করেছি। ছেলেরা লাইনে হিট করতে চেয়েছে। আমাদের চেষ্টা থাকে উইকেটে যতটা জোরে সম্ভব হিট করে বাউন্স কাজে লাগানো।' বাংলাদেশের পেসারদের নিয়ে উইল বলেন, 'আসলে আমরা প্রত্যাশা করেছিলাম পেস উইকেট হবে। কারণ তাদের এখন বেশ ভালো কিছু পেস বোলার রয়েছে। অনেকেই বিশ্বমানের পেসার। রানা আগের ম্যাচেই দারুণ করল। বাকিদের মধ্যে ফিজও (দলের বাইরে থেকে) চোখ রাঙাচ্ছে। ফলে তাদের বেশ ভালো পেস আক্রমণ রয়েছে। আমি আশা করছিলাম কিছুটা পেস সহায়ক উইকেট হবে, এরকমটাই হচ্ছে।' বাংলাদেশের পেসারদে প্রশংসায় উইল বলেন, ‘হ্যাঁ, আমরা এখানে আসার আগে থেকেই ধারণা করেছিলাম যে এখানে কিছুটা পেস সহায়ক উইকেট পাওয়া যেতে পারে। এই মুহূর্তে বাংলাদেশের খুব ভালো একটি সিম আক্রমণ আছে এবং কয়েকজন বিশ্বমানের বোলারও আছে। শেষ ম্যাচে রানাও খুব ভালো বোলিং করেছে এবং ফিজের মতো বোলাররাও আছে। তাই নিঃসন্দেহে তাদের একটি দারুণ পেস আক্রমণ আছে। ব্যক্তিগতভাবে আমি আশা করছিলাম উইকেটগুলো কিছুটা সিম সহায়ক হবে এবং আসলে সেটাই হয়েছে। তাই এখন দেখা যাক কাল কী হয়।’