ক্রিকেটার রুবেল হোসেন দীর্ঘদিন লাল সবুজ জার্সিতে ডাক না পাওয়ায় গত ১৫ এপ্রিল নিজের ফেসবুকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। ২০২১ সালের পর আর জাতীয় দলে খেলা হয়নি তার। তবে তাকে এভাবে বিদায় দিতে রাজি নন সতীর্থরা। তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন তারা। আর বিষয়টি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে তার হাতে বিদায়ী ক্রেস্ট তুলে দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করে রুবেল বলেছেন, ‘নাফিস ভাই আমাকে ফোন করে জানিয়েছেন। কালকে (সোমবার) ম্যাচ শুরুর আগে আসতে বলেছেন। আমাকে কয়েক মিনিটের একটা স্পিচ দিতে হবে।’

২০২১ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেও মাঠ থেকে বিদায় নিতে পারার অনুভূতি হচ্ছে রুবেলের, ‘এটা ভালো একটা উদ্যোগ। হয়তো খেলে বিদায় নিতে পারছি না। তবুও মাঠ থেকেতো নেওয়া হবে। এই মাঠে আমার অনেক স্মৃতি রয়েছে। এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় যে এত বছর খেললাম।’নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেই শেষ হয়েছিল রুবেলের সীমিত ওভারের ক্রিকেট। ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে সর্বশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। মিরপুরে খেলছে নিউজিল্যান্ড, নিজে না খেললেও কিউইদের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠ থেকে বিদায়টা তাকে আপ্রুত করছে, ‘মিরাকল হয়তো। জীবনে কত কিছুইতো ঘটে। এমন কিছু হয়তো কপালে ছিল।’

২০০৯ সালের জুলাইয়ে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল রুবেলের। অভিষেক টেস্টের দুই ইনিংসে ১২১ রানে ৩ উইকেট নেন তিনি। ম্যাচটি ৯৫ রানে জিতেছিল বাংলাদেশ। ২০২০ সালের ফেব্রুয়ারিতে রাওয়াপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন রুবেল। এই ফরম্যাট থেকে আগেই অবসর নেন তিনি। যদিও টেস্টের আগেই ওয়ানডে অভিষেক হয়েছিল রুবেলের। ২০০৯ সালের জানুয়ারিতে ওয়ানডেতে অভিষেক হয় রুবেলের। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। একই সিরিজেই শেষ হয় রুবেলের টি-টোয়েন্টি ক্যারিয়ার।