মেজর লিগ সকারে ফিলডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে নাটকীয় এক ম্যাচে ৬-৪ গোলের জয় পেয়েছে ইন্টার মায়ামি। এদিন হ্যাট্রিক করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লুইস সুয়ারেজ। অন্যদিকে গোলের দেখা না পেলেও জোড়া অ্যাস্টি করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
ম্যাচের শুরুটা অবশ্য ছিল মায়ামির জন্য হতাশাজনক। মিলান ইলোস্কির জোড়া গোলে দ্রুতই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। এরপর মেসির বাড়ানো বলে জার্মান বার্তারামে একটি গোল শোধ দেন। তবে দ্রুনো দামিয়ানির গোলে আবারও দুই গোলের ব্যবধান তৈরি করে ফিলাডেলফিয়া।
পরে ঘুরে দাঁড়ায় মায়ামি। লুইস সুয়ারেজ জোড়া গোল করেন, বার্তারামেও করেন দ্বিতীয় গোল। প্রথমার্ধের শেষ দিকে ভিএআরের সহায়তায় ফিলাডেলফিয়া একটি পেনাল্টি পায়। সেখান থেকে ইলোস্কি হ্যাটট্রিক পূর্ণ করলে বিরতিতে স্কোরলাইন দাঁড়ায় ৪-৪। এমএলএস ইতিহাসে প্রথমার্ধে আট গোলের বিরল রেকর্ড গড়ে ম্যাচটি।
দ্বিতীয়ার্ধে বৃষ্টির কারণে খেলার গতি কিছুটা কমে যায়। এরপর মেসি মাঠ ছাড়ার পর বার্তারামের পাস থেকে সুয়ারেজ নিজের তৃতীয় গোল করেন। শেষ দিকে রদ্রিগো ডি পলের গোলে জয় নিশ্চিত করে মায়ামি।
তবে মায়ামির এমন জয় অনেকটাই ম্লান হয়ে গেছে মেসির পেশির চোটের খবরে। ম্যাচের ৭৩তম মিনিটে মাঠ ছাড়েন মেসি। এর কিছুক্ষণ আগে একটি ফ্রি কিক নেওয়ার পর তাকে বাঁ ঊরুতে অস্বস্তি অনুভব করতে দেখা যায়। পরে নিজেই পরিবর্তনের অনুরোধ করেন।
যদিও কোনো সহায়তা ছাড়াই মাঠ ত্যাগ করেন মেসি। ধীরে ধীরে হেঁটে সরাসরি লকার রুমে চলে যান তিনি। তবু বিশ্বকাপের ঠিক আগে তার এই চোট আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ বাড়িয়েছে।