দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। প্রায় এক দশকের সম্পর্ককে পরিণতি দিয়ে জর্জিনাকে বিয়ে করে আর্জেন্টিনার জামাই হলেন রোনালদো।
পর্তুগিজ সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, লিসবনের কাছাকাছি কাসকাইস এলাকায় গত রাতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে উপস্থিত ছিলেন তাদের পাঁচ সন্তানও।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন রোনালদো। ছবিতে দেখা যায়, জর্জিনার হাতের ওপর নিজের হাত রেখেছেন তিনি। দুজনের হাতেই ছিল বিয়ের আংটি। ছবির ক্যাপশনে ‘সি’ ও ‘জি’ লিখে মাঝখানে ভালোবাসার ইমোজি দেন পর্তুগিজ তারকা। পোস্ট করার মাত্র ৩০ মিনিটের মধ্যে ছবিটিতে ৩০ লাখের বেশি লাইক পড়ে।
এর আগে গত বছরের ১১ আগস্ট সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করে বাগদানের খবর জানিয়েছিলেন রোনালদো ও জর্জিনা। সে সময় জর্জিনা বড় একটি আংটির ছবি দিয়ে স্প্যানিশ ভাষায় লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও এবং আমার সব জীবনেই।’
বাগদানের ঠিক এক বছর পর বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন রোনালদো ও জর্জিনা। দীর্ঘদিনের সম্পর্কের পর তাদের এই নতুন অধ্যায় ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
কদিন আগে রোনালদো-জর্জিনার বিয়ের গুঞ্জনে ফুনশাল ক্যাথেড্রালে ভিড় জমে গিয়েছিল। উপস্থিত দর্শকেরা পরে জানতে পেরেছিলেন, পাত্র-পাত্রী আসলে অন্য কেউ। ফুনশাল ক্যাথেড্রাল কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে সবকিছু স্পষ্ট করে দিয়েছিল। রোনালদোও এই পোস্টে মজার ইমোজি দিয়েছিলেন।
দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে প্রতিযোগিতামূলক ফুটবলে রোনালদো করেন ৯৭৬ গোল। ক্লাব ক্যারিয়ারে স্পোর্তিং সিপি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস হয়ে এখন আল নাসরে খেলছেন পর্তুগিজ ফরোয়ার্ড। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ২৩৩ ম্যাচে করেন ১৪৬ গোল। যা আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল। কদিন আগে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড।
রোনালদোর বাগদত্তা জর্জিনার জন্ম আর্জেন্টিনার বুয়েনস এইরেসে। ২০১৬ সালে মাদ্রিদে গুচির একটি শো-রুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন জর্জিনা। রোনালদোও তখন খেলতেন রিয়াল মাদ্রিদে। তখন থেকেই রোনালদো-জর্জিনার প্রেমের শুরু। ১০ বছর পর গতকাল লিসবনে তাঁদের প্রেম পেল পূর্ণতা।