এশিয়ান গেমস নারী হকির বাছাই পর্বে অংশ নিতে ইন্দোনেশিয়ায় গেল বাংলাদেশ দল। দেশটির রাজধানী জাকার্তায় বৃহস্পতিবার শুরু হবে বাছাই পর্বের খেলা। এবারই প্রথম বাংলাদেশের মেয়েরা অংশ নিচ্ছে বাছাইয়ে। বাংলাদেশের হকির ইতিহাসে প্রথমবার হকিতে নারী জাতীয় দল কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এর আগে বয়সভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়েরা খেললেও জাতীয় দল গঠন হয়নি। অর্পিতা পাল-শারিকা সাফা রিমনদের হাত ধরে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশের নারী হকি। তবে মেয়েদের এই ঐতিহাসিক যাত্রাটি নীরবেই হয়েছে। গণমাধ্যমে একটা গ্রুপ ছবি সরবরাহ করেই হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল কবীর দল নিয়ে ইন্দোনেশিয়া গেছেন।

বাছাই পর্বে অংশ নেয়া ৮ দলের টুর্নামেন্ট থেকে শীর্ষ চার দল পাবে এবছরই জাপানে অনুষ্টেয় এশিয়ান গেমসের টিকিট। বাংলাদেশের মেয়েদের সামনেও আছে ভালো সুযোগ। অর্থের অভাব দেখিয়ে এই প্রতিযোগিতায় খেলতে যাওয়ার পরিকল্পনা বাদই দিয়েছিল ফেডারেশন। জাতীয় ক্রীড়া পরিষদ ৫০ লাখ টাকা অনুদান দিয়ে মেয়েদের ইন্দোনেশিয়া পাঠিয়ে ঐতিহাসিক টুর্নামেন্ট খেলানোর ব্যবস্থা করেছে। দুই দিক থেকে হকির এই মেয়েদের জন্য রোববার দিনটি ছিল স্মরণীয়। একদিকে ঐতিহাসিক সফরের প্রস্তুতি, অন্য দিকে যাওয়ার আগেই তারা হাতে পেয়েছেন ক্রীড়াকার্ড, অ্যাকাউন্ডে ঢুকেছে সরকারের দেওয়া ক্রীড়াভাতার লাখ টাকা করে। তবে তাদের ওই যাত্রা আরো জমজমাট হতে পারতো যদি ফেডারেশন সাংগঠনিকভাবে আরো দক্ষতার পরিচয় দিতো। এমন একটি সফর নীরবে কেন হলো? সাংবাদিকদের এমন প্রশ্নে জাকার্তা থেকে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান বলেন, ‘নীরবে না। আসলে নানা চাপের মধ্যে ছিলাম। মেয়েরা অনুশীলন করেছে বিকেএসপিতে। ক্রীড়াকার্ড ও ক্রীড়াভাতার জন্যই ৩-৪ দিন ব্যস্ত থাকতে হয়েছে। তাই সময় চলে গেছে। তাই যাওয়ার আগে আনুষ্ঠানিকভাবে কিছুই করতে পারিনি। করতে পারলে ভালো হতো। আসলে এটা মিস হয়ে গেছে। এখন সরি বলা ছাড়া আর কিছুই করার নেই।’

এশিয়ান গেমস নারী হকির বাছাইয়ে অংশ নেবে ৮ দেশ। বাংলাদেশ 'এ' গ্রুপে খেলবে হংকং, চাইনিজ তাইপে ও উজবেকিস্তানের বিপক্ষে। 'বি' গ্রুপের চার দেশ হচ্ছে-ইন্দোনেশিয়া, কাজাখস্তান, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা। শীর্ষ চারটি দেশ পাবে এশিয়ান গেমসের টিকিট। বাংলাদেশের প্রথম ম্যাচ খেলবে ২৩ এপ্রিল চাইনিজ তাইপের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ পরের দিন উজবেকিস্তানের বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচ ২৬ এপ্রিল হংকংয়ের বিপক্ষে। গ্রুপ পর্ব শেষে খেলতে হবে স্থান নির্ধারণী ম্যাচ। সেমিফাইনালে উঠলে পাবে এশিয়ান গেমসের টিকিট।

নারী হকির প্রথম জাতীয় দলে যারা আছেন : অর্পিতা পাল, হিমাদ্রি বড়ুয়া সুখ, নীলাদ্রি বড়ুয়া নীল, রিয়াশা আক্তার ঋষি, নিনিশেন রাখাইন, তন্নি খাতুন, ধানুচিং মারমা, শারিকা সাফা রিমন, ফাতেমা তুজ-জোহরা, আইরিন আক্তার রিয়া, নাদিরা তালুকদার এমা, কনা আক্তার, জাকিয়া আফরোজ লিমা, মহুয়া, সানজিদা আক্তার মনি, রিতু আক্তার, ফারদিয়া আক্তার রাত্রি ও নাদিরা।