বাংলাদেশ বক্সিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক, সাবেক কৃতি বক্সার, প্রথিতযশা রেফারি ও অভিজ্ঞ কোচ সৈয়দ মহিউদ্দিন আহমেদ (৬৬) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা গেছে, মঙ্গলবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরিবার সূত্রে জানা গেছে, বাদ মাগরিব খিলগাঁও তিলপাপাড়া জামে মসজিদে জানাজা শেষে নিজ এলাকা খিলগাঁও তিলপাপাড়া কবরস্থানে মহীকে দাফন করা হয়। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। মঙ্গলবার এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, সৈয়দ মহিউদ্দিন আহমেদ ছিলেন দেশের বক্সিং অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশে বক্সিং খেলাকে জনপ্রিয় করা এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তার ভূমিকা ছিল অপরিসীম। তিনি শুধু একজন দক্ষ খেলোয়াড়ই ছিলেন না, বরং রেফারি ও কোচ হিসেবে অসংখ্য প্রতিভাবান বক্সার তৈরি করে গেছেন। তার মৃত্যুতে দেশের বক্সিং অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।’ বক্সিংয়ের প্রতি মহিউদ্দিন আহমেদের নিবেদন ও একাগ্রতা নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, তার দেখানো পথ অনুসরণ করে আগামী দিনের বক্সাররা দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে।