বিশ্ব ক্রীড়াঙ্গনে ডোপিং ইস্যুতে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় উঠে এলো ভারতের নাম। অ্যাথলেটিক্স ইন্ট্রিগিটি ইউনিট (এআইইউ) জানিয়েছে, ডোপিংয়ের ঝুঁকির দিক থেকে এখন ‘অত্যন্ত উচ্চ’ পর্যায়ে রয়েছে ভারত। এর ফলে অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া (এএফআই) উঠে এসেছে ক্যাটাগরি ‘এ’-তে, যেখানে আগে থেকেই রয়েছে রাশিয়া, বেলারুশ, ইথিওপিয়া, কেনিয়া, নাইজেরিয়া ও ইউক্রেন। এর অর্থ, এখন ভারতীয় অ্যাথলেটদের আরও কঠোর অ্যান্টি-ডোপিং নিয়ম মেনে চলতে হবে। এআইইউর তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে অ্যাথলেটিকসে ডোপিং লঙ্ঘনের সংখ্যায় শীর্ষ দুই দেশের মধ্যে ছিল ভারত। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংস্থাটির চেয়ারম্যান ডেভিড হম্যান। তার ভাষায়, 'ভারতে ডোপিং ঝুঁকি অনেক দিন ধরেই বেশি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, দেশের অভ্যন্তরীণ অ্যান্টি-ডোপিং কার্যক্রম সেই ঝুঁকির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।'
তিনি আরও বলেন, এএফআই সংস্কারের পক্ষে কথা বললেও বাস্তবে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি। তবে এখন এআইইউ সরাসরি কাজ করবে এএফআইর সঙ্গে, যাতে ক্রীড়ার স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনীয় সংস্কার আনা যায়, যেমনটি তারা অন্য ক্যাটাগরি ‘এ’ দেশগুলোর ক্ষেত্রেও করেছে। ডোপিংবিরোধী কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা এই স্বাধীন সংস্থাটি বিশ্ব অ্যাথলেটিকসে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করে আসছে। এমন এক সময়ে এই ঘোষণা এলো, যখন ভারত ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এবং ২০৩৬ অলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখছে।