চিনের সানিয়া শহরে শুরু হয়েছে ৬ষ্ঠ এশিয়ান বীচ গেমস-২০২৬। ‘বি’ গ্রুপে গতকাল নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ জাতীয় বীচ হ্যান্ডবল দল মুখোমুখি হয় মালদ্বীপের। ১ম সেটে একচেটিয়া দাপটের সাথে খেলে ২১-১২ পয়েন্টে জয় তুলে নেয় বাংলাদেশ। ২য় সেটে ঘুরে দাঁড়ায় মালদ্বীপ। শেষ সময়ে পেনাল্টি মিসের খেসারত দিয়ে ২৩-২২ পয়েন্টে সেট হেরে যায় বাংলাদেশ। ১-১ সেটে ড্র হলে খেলা গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। যেখানে ৭-৪ পয়েন্টে সেট জিতে ২-১ ব্যবধানে বাংলাদেশকে হারায় মালদ্বীপ। দিনের আরেক ম্যাচে নিজেদের ২য় খেলায় পাকিস্তানের সাথে সরাসরি ২-০ সেটে হেরে গেছে বাংলাদেশ। ১ম সেটে ২৪-১৬ পয়েন্টে জয় তুলে নেয় পাকিস্তান। ২য় সেটেও নিজেদের আধিপত্য ধরে রেখে ২২-১৮ পয়েন্টে জয় তুলে নেয় পাকিস্তান। আগামী ২৩ এপ্রিল নিজেদের ৩য় ম্যাচে শক্তিশালী কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ দল : রবিউল আওয়াল (অধিনায়ক), সালমান খান (সহ-অধিনায়ক), তাজু হাসান, নাহিদ আলী, মো: জীবন অন্তর জেনিন, বিপুল ঘোষ, অনিক হাসান, মো: ফয়সাল, মো: খোকন মোল্লা, অনিক পারিয়াল।