পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, খেলাধুলার বিকাশে সরকার দেশের বিভিন্ন এলাকায় মাঠ পুনরুদ্ধারের কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি ১০টি জেলায় ১০টি ক্রীড়া পল্লী স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে, যার একটি বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের পাশে নির্মাণের উদ্যোগ রয়েছে। এর মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীদের খেলাধুলায় সম্পৃক্ত করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গত শনিবার বিকেলে মোংলার মেরিন ড্রাইভ রোড সংলগ্ন মাঠে আয়োজিত মোংলা প্রিমিয়ার লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ‘খেলা হোক পেশা, পরিবার পাক ভরসা’—এই স্লোগান সামনে রেখে কাজ করা হচ্ছে। তিনি মনে করেন, খেলাধুলার প্রসার ঘটলে মোংলাকে মাদকমুক্ত রাখা সম্ভব হবে। টুর্নামেন্টে মোট ছয়টি ক্রিকেট দল অংশ নিয়েছে। ‘আয়াত সি লাইন্স’-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে হাজী কাওসার ফাউন্ডেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, সিনিয়র সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।