স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকিও উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে নেপালে সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও পাহাড়ধসে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় শোক প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি নেপালের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূতের কাছে জানতে চান। রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নেপালের দুর্যোগ পরিস্থিতিতে সহানুভূতি প্রকাশ করায় বিরোধীদলীয় নেতার প্রতি কৃতজ্ঞতা জানান। দুর্যোগের শুরু থেকেই তাঁর আন্তরিক তৎপরতা ও শোকবার্তার জন্য ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে নেপালে চলমান উদ্ধার তৎপরতা, মানুষের দুর্ভোগ, ভূমিধসজনিত ক্ষয়ক্ষতি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন।
এ সময় ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে নেপালের দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও নেপালের পাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।