স্টাফ রিপোর্টার

উন্নত, সমৃদ্ধ, মানবিক ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে হলে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। গতকাল বুধবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, “যুবসমাজকে নিয়ে কাজ করার সময়-সুযোগ রাষ্ট্রের নেই। আমাদের রাষ্ট্র ব্যস্ত চাপাবাজিতে, ব্যস্ত ধান্দাবাজিতে। যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তারা ব্যস্ত দুর্নীতি ও চাঁদাবাজিতে। সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিতেই তারা ব্যস্ত।” তিনি বলেন, দেশের যুবসমাজ অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও দেশপ্রেমিক। সাহসী ও ঐক্যবদ্ধ তরুণরা বিপ্লব রচনা করতে জানে। ২০২৪ সালের আন্দোলনে তরুণরা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে যে পরিবর্তন এনেছে, সেটিই নতুন বাংলাদেশের ভিত্তি বলে মন্তব্য করেন তিনি।

তবে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, আকাক্সক্ষা ও সম্ভাবনা তৈরি হয়েছিল, বর্তমান সরকার তা ম্লান করে দিচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, “নতুন বাংলাদেশকে আগামী দিনে সমৃদ্ধ, মানবিক, উন্নত, আত্মনির্ভরশীল বাংলাদেশ হিসেবে গড়তে হলে সংস্কারের কোনো বিকল্প নেই।”

যুবসমাজের মেধার মূল্যায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে হামিদুর রহমান আযাদ বলেন, অনেক মেধাবী তরুণ দেশে যথাযথ মূল্যায়নের সুযোগ না পেয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন। সেখানে তারা বিজ্ঞানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করছেন। দেশে মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা গেলে এই প্রবণতা কমবে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দলীয়করণ ও মেধাবিরোধী নিয়োগের পরিবর্তে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান ও ২০২৪ সালের আন্দোলনে তরুণ যুবসমাজের ভূমিকা চিরস্মরণীয়। তরুণদের জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আগামী প্রজন্মকে প্রস্তুত করতে রাষ্ট্রকেও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন এমপি বলেন, যুবসমাজের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ কাজ করে যাচ্ছে। নৈতিকতার সমন্বয়ে তরুণদের গড়ে তুলে নতুন পথ দেখানো এবং সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণই তাদের লক্ষ্য।

জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে যুব র‌্যালি বের হয়ে হাইকোর্ট চত্বর ও মৎস্য ভবন এলাকা প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি ড. মোবারক হোসাইন। এ সময় মহানগরীর বিভিন্ন সাংগঠনিক থানার দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।