প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন ফ্যামিলি ও কৃষক কার্ডের পর এবার নারীদের এলপিজি কার্ড দেবে সরকার। গ্যাসের সমস্যা সমাধানে মা-বোনদের এই কার্ড দেওয়া হবে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে যশোরের শার্শায় উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে একথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উলাশী খাল খননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষিজমি জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে এবং স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা আশা প্রকাশ করেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে শার্শা উপজেলার দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যা অনেকাংশে সমাধান হবে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে এ অঞ্চলে জলাবদ্ধতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। খাল খনন কার্যক্রম সম্পন্ন হলে এই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে বলে তারা মনে করছেন।