রাজধানীর ৫৪টি ওয়ার্ডে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৫ আগস্ট) কর্মসূচির প্রথম দিনে রাজধানীর বসুন্ধরা, বাড্ডা ও রামপুরা এলাকার ২৩, ২৪ ও ৪০ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। উদ্বোধনকালে তিনি বলেন, “সিটি করপোরেশনের প্রতি আমাদের আহ্বান—আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আমরা দায়িত্বে না থাকা সত্ত্বেও নাগরিক ও মানবিক দায়িত্ব এবং নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে মাঠে নেমেছি।”

তিনি আরও বলেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও এ উদ্যোগের পাশে থাকবে বলে তারা আশা করছেন। সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “আজ ঢাকার ৫৪টি ওয়ার্ডে একযোগে আমরা মাঠে নেমেছি। হাজার হাজার স্বেচ্ছাসেবক এই কর্মসূচিতে কাজ করবেন। একই সঙ্গে আমরা অভিজ্ঞ পরিচ্ছন্নতাকর্মী ও সমাজসেবীদেরও এই উদ্যোগের সঙ্গে যুক্ত করেছি।”

তিনি বলেন, “আমরা এই ঢাকাকে বদলে দেবো, ইনশাআল্লাহ। এমন একটি ঢাকা গড়ে তুলতে চাই, যেখানে থাকবে না ময়লা-আবর্জনা, থাকবে না জলাবদ্ধতা, কমবে যানজট। গড়ে উঠবে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী।”

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিষ্কার, যানজটমুক্ত ও জলাবদ্ধতামুক্ত ঢাকা গড়তে ঢাকাবাসীকে সিদ্ধান্ত নিতে হবে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে। জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে দক্ষতা, যোগ্যতা ও কাজের মাধ্যমে নিজেদের পরিচয় তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, যারা মাঠে নেমে জনগণের সঙ্গে একাত্ম হয়ে কাজ করবেন এবং ময়লা-আবর্জনা দেখে দূরে সরে না গিয়ে তা পরিষ্কারের উদ্যোগ নেবেন, জনগণ তাদের অবশ্যই স্মরণ রাখবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার আবুল বাসার, ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ তারেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে মোহাম্মদ সেলিম উদ্দিন সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। আগামী ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ‘পরিচ্ছন্ন ঢাকা’ গড়ার লক্ষ্যে রাজধানীর ৫৪টি ওয়ার্ডে এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলবে।