মুন্সীগঞ্জের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ ফেরিঘাটের অদূরে চর-রমজানবেগ এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী রবিবার (৯ আগষ্ট) বেলা সাড়ে ১২টার দিকে মেঘনা নদীতে মরদেহ ভাসতে দেখে ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। পরে গজারিয়া থানা পুলিশ ও নৌপুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারে কাজ শুরু করে।
স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে ট্রলারে করে নদীর তীরে নিয়ে আসে। তবে এ সময় তীব্র স্রোতে আরও একটি মরদেহ ভেসে যায় বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ অঞ্চলের নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি জানান, ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে কাজ শুরু করে। চর-রমজানবেগ এলাকার মেঘনা নদীর কচুরিপানার ভেতর থেকে প্রথমে অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। পরে সেখান থেকে ৫০ মিটার দূরে কচুরিপানার ভেতর পায়ে রশি বাঁধা ভাসমান অবস্থায় আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় আরও একটি মরদেহ স্রোতে ভেসে যায় বলে জানান তিনি।
মরদেহ দুটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এ ছাড়া ভেসে যাওয়া মরদেহ উদ্ধারেও কাজ অব্যাহত রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।