সারাদেশে চলমান তীব্র সার সংকট দ্রুত নিরসনে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সার সংকটের কারণে কৃষকদের আমন ধান চাষ চরম ঝুঁকির মুখে পড়েছে। একই সঙ্গে মৌসুমি সবজিসহ অন্যান্য কৃষিপণ্যের উৎপাদন ও ফলন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গতকাল সোমবার এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, সারা দেশে তীব্র সার সংকটের কারণে কৃষকদের মধ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। সরকারের ব্যর্থ ও অদূরদর্শী কৃষিনীতির কারণে প্রান্তিক কৃষকরা চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না। কৃষকদের হয়রানি এবং চাষাবাদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের অব্যবস্থাপনার কারণে কৃষকরা প্রয়োজনীয় সার না পেয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করতে বাধ্য হচ্ছেন। এমন পরিস্থিতি দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিতের জন্য মোটেও সহায়ক নয়।
তিনি অভিযোগ করেন, গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবর অনুযায়ী দেশের বিভিন্ন এলাকায় সরকারদলীয় ডিলার ও নেতাকর্মীদের যোগসাজশে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। এতে ফসল উৎপাদনে বাড়তি খরচের বোঝা কৃষকদের ওপর চাপছে।
তিনি বলেন, এর ফলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের খাদ্যনিরাপত্তা ও বাজার স্থিতিশীলতাও ঝুঁকির মুখে পড়তে পারে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ইতোমধ্যে প্রান্তিক পর্যায়ে পর্যাপ্ত সার সরবরাহের দাবিতে রাজশাহী, লালমনিরহাট ও কুড়িগ্রামে কৃষকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন।
গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে তিনি বলেন, কোথাও কোথাও সারের গোডাউন থেকে সার লুটপাট এবং কৃষি বিভাগের মাঠকর্মীকে অবরুদ্ধ করার ঘটনাও ঘটেছে। এসব ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং দেশের সার সংকটের তীব্রতাকেই তুলে ধরে।
তিনি বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় দ্রুত সার সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এ পরিস্থিতির দায় সরকার এড়াতে পারবে না।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, সরকারদলীয় সিন্ডিকেট দেশের বিভিন্ন স্থানে কৃত্রিম সার সংকট সৃষ্টি করে অধিক মুনাফার সুযোগ নিচ্ছে। অনুমোদিত ডিলারের দোকানে সার পাওয়া না গেলেও খোলা বাজারে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে।
এর ফলে কৃষকরা পর্যাপ্ত সার সরবরাহের দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, সিন্ডিকেটের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, দেশের খাদ্যনিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে এবং কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
সকল স্তরে সিন্ডিকেট ভেঙে কৃষকদের হয়রানি বন্ধ, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখা এবং প্রান্তিক কৃষকদের কাছে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি তড়িৎ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।