ঠাকুরগাঁও সংবাদদাতা: দেশের ৫১তম বিশ^বিদ্যালয় হিসেবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভিত্তিপ্রস্তর সম্পন্ন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি। গতকাল সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে জামালপুর ইউনিয়নে মহেশালী এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন করেন রাষ্ট্রপতি।

ভিত্তিপ্রস্তুত স্থাপন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অতি অল্প সময়ের মধ্যে তার নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন এবং জায়গা পেয়েছি। আরো ধন্যবাদ জানাই বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনকে, বিশ^বিদ্যালয়ের জন্য যা যা করা প্রয়োজন, তা তারা করে দিয়েছেন। বাকি কাজগুলোও যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে বলে আশা করছি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ঠাকুরগাঁওয়ের মানুষের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এর মাধ্যমে এলাকায় উচ্চশিক্ষার প্রসার ঘটবে, পাশাপাশি কর্মসংস্থান ও কাজের সুযোগ সৃষ্টি হবে। বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুত এগিয়ে নেয়ার জন্য উপাচার্যের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, উপাচার্যও এই এলাকার মানুষ, তিনি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ভালো কাজ করবেন এমন বিশ্বাস রয়েছে তাঁর।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, আমরা সংঘাত, প্রতিশোধের রাজনীতি দেখতে চাই না। অনেক হয়েছে, এখন সমঝোতার রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি এবং সহনশীলতার রাজনীতির দিকে গোটা দেশের মানুষের যাওয়া উচিৎ বলে আমি মনে করি।

স্থানীয় জনগণের প্রতি জানিয়ে বিশ্ববিদ্যালয়টি নিজেদের সম্পদ হিসেবে দেখে রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের দাবির পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তাই এর উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এই এলাকার মানুষের জন্য আজকে একটি আনন্দের দিন। এই এলাকায় উচ্চশিক্ষার প্রসার ঘটিয়ে, আমাদের ভবিষ্যত প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলে তাদের কর্মসংস্থান ও বাংলাদেশের উন্নয়নে ভুমিকা রাখার সুযোগ সৃষ্টি হবে। আমি বিশ^াস করি এই এলাকার মানুষ সেই সুযোগটি গ্রহণ করবে।

এ সময় দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ইসরাফিল, ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্ধোধন পরবর্তী বিশ^বিদ্যালয়ের সফলতা কামনায় দোয়া পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক হাফেজ মুহাম্মদ রশিদ আলম।