আর্ত-মানবতার কল্যাণ, জনগণের স্বাস্থ্যসেবা ও মানবিক সমাজ বিনির্মাণে প্রাগ কার্যকর ও সহায়ক ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেওড়াপাড়ায় প্রাক হেলথ কেয়ার-এর ২য় সেন্টার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান কর্নেল (অব:) প্রফেসর ডাঃ জেহাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাকের এডমিন ইনচার্জ মোঃ জুবায়ের হোসাইন রাজন ও প্রাক শিক্ষা বিভাগের কো-অর্ডিনেটর মোঃ রায়হান উদ্দিনসহ কর্মকর্তাবৃন্দ।
সেলিম উদ্দিন বলেন, আমরা ডিএনসিসিকে স্বাস্থ্যবান্ধব নগরীতে পরিণত করতে চাই। আমরা এমন এক স্বপ্নের নগরী প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থানের মত মৌলিক চাহিদা নিশ্চিত হবে। মানুষে মানুষে কোন বৈষম্য থাকবে না। যাদের চিকিৎসা নেওয়ার সামর্থ নেই তাদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করা হবে। কারণ, মানুষের কল্যাণই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। পবিত্র কালামে পাকে আল্লাহ তা’য়ালা বলেছেন, ‘তোমরাই সর্বশ্রেষ্ঠ, আর তোমাদের মানুষের কল্যাণে জন্য সৃষ্টি করা হয়েছে’। মূলত, আমরা ডিএনসিসিকে এক জনবান্ধব নগরীতে পরিণত করতে চাই, যেখানে সকল নাগরিকের মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকবে। তিনি জনবান্ধব নগরী প্রতিষ্ঠায় প্রাককে আরো কার্যক্ষম, গতিশীল ও ইতিবাচক হওয়ার আহবান জানান।
তিনি বলেন, শিক্ষা, চিকিৎসাসহ নাগরিকের সকল অধিকারের নিশ্চয়তা প্রদান করার দায়িত্ব সরকারের। সে নিশ্চয়তার জন্য জনগণ সরকারকে কর প্রদান করে। কিন্তু সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোড় গোড়ায় পৌঁছাতে পারেনি বরং এ খাত এখন সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাতে পরিণত হয়েছে। তাই এ সমস্যা সমধানের জন্য আসন্ন বাজেটে সর্বোচ্চ বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে। এজন্য স্বাস্থ্যখাতে লাগামহীন দুর্নীতি বন্ধ করা সময়ের সর্বচেয়ে বড় দাবি। সরকার স্বাস্থ্যখাতে কর্মরত দ্বীনদার লোকদের হয়রানীমূলকভাবে বদলী করছে। যা স্বাস্থ্যখাতে নৈরাজ্য সৃষ্টি করছে। তাই জনগণের স্বাস্থ্যসেবা গতিশীল রাখতে এ হয়রানী অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি গণমানুষের উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করতে চিকিৎসক সহ সংশ্লিষ্টদের ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।