স্টাফ রিপোর্টার
সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশী প্রবাসীর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। একই সঙ্গে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণার দাবি জানিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘সৌদি আরবে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে বাংলাদেশের ১৭ জন প্রবাসী ভাই নিহত হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
নিহতদের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে তিনি বলেন, এই রেমিট্যান্সযোদ্ধাদের মর্মান্তিক মৃত্যুতে সরকারের উচিত রাষ্ট্রীয় শোক ঘোষণা করা।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা হলে দেশের বাইরে কর্মরত রেমিট্যান্সযোদ্ধারা অন্তত এই আস্থা ফিরে পাবেন যে, দেশ ও জাতি তাঁদের অবদানকে সম্মানের চোখে দেখে।
এর আগে সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি নিহত হওয়ার খবর প্রকাশিত হয়। নিহতদের মধ্যে নওগাঁ ও নাটোরের বাসিন্দারাও রয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাঁদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
সিরাজগঞ্জ জেলা জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়
সিরাজগঞ্জ সংবাদদাতা জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডাঃ শফিকুর রহমান গাইবান্ধা সফর থেকে ঢাকা ফেরার পথে সিরাজগঞ্জ জেলা জামায়াতের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন।
গত সোমবার রাত ৮টায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল ন্যাশনাল ফুডভিলেজ কনফারেন্স রুমে জেলা আমীর মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা কর্মপরিষদ সদস্য উপজেলা আমীরগণ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি ও সেক্রেটারি, ইসলামি ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি ও সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ, জেলা সভাপতি ও সেক্রেটারি উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
আমীরে জামায়াত তার বক্তব্যে নেতা-কর্মীদের ধৈর্য সহকারে, সাহসিকতার সাথে, শৃঙ্খলা মেনে দলীয় সাংগঠনিক তৎপরতা চালানোর নির্দেশ প্রদান করেন। লোভ-লালসায় যেন আমরা পথহারা না হই এব্যাপারে সকলকে সতর্ক করেন।