লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের হামলা ও তাতে দুই বাংলাদেশী নাগরিক নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে।নিহত দুই বাংলাদেশী হলেন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং একই জেলার আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ। বিবৃতিতে বলা হয়, লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছে। এছাড়া দূতাবাস কর্তৃপক্ষ নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে।এতে আরও বলা হয়, ওই অঞ্চলে চলমান সহিংসতা এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। একইসঙ্গে বাংলাদেশ পক্ষগুলোকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।এর আগে গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলী বিমান হামলায় দিপালী নামে আরও এক বাংলাদেশী নারী নিহত হয়েছিলেন। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর শালেপুর গ্রামের শেখ মোফাজ্জল ও রোজিনা খাতুনের মেয়ে। সূত্র: লরিয়েন্ট টুডে।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় জিবদিন গ্রামে ইসরাইলী বাহিনীর এক ভয়াবহ ড্রোন হামলায় দুই বাংলাদেশী প্রবাসী কর্মী নিহত হয়েছেন। গতকাল সোমবারের এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবাদদাতারা। নিহত ব্যক্তিরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, জিবদিন গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে ইসরাইলী ড্রোন থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় ওই তিন ব্যক্তি বাড়িতে অবস্থান করছিলেন অথবা বাড়ির কাছাকাছি কাজ করছিলেন।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই হামলার মাধ্যমে জিবদিন গ্রামে একই দিনে দ্বিতীয়বারের মতো আক্রমণ চালাল ইসরাইলী বাহিনী।

লেবানন ও ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এই প্রাণহানির ঘটনা প্রবাসী বাংলাদেশী কমিউনিটির মধ্যে গভীর শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে।

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় প্রায়ই ইসরাইলী বিমান ও ড্রোন হামলা চালানো হচ্ছে, যার শিকার হচ্ছেন সাধারণ বেসামরিক নাগরিক ও সেখানে কর্মরত বিদেশী শ্রমিকরা।