১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের স্বেচ্ছাসেবক বিভাগের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে সংগঠনের মহানগরী কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।
সভায় নেতৃবৃন্দ বলেন, ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বস্তরের জনশক্তিকে প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে সচেতন নাগরিকদের লংমার্চ কর্মসূচিতে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
সভায় আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের করণীয় নির্ধারণ করা হয়। কর্মসূচিকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।
লংমার্চের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, জনগণের স্বার্থসংশ্লিষ্ট ছয় দফা দাবি বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ গুরুত্বপূর্ণ কর্মসূচি। তিনি আগামী ৫ সেপ্টেম্বর শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চে দেশবাসীকে সঙ্গে নিয়ে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীকে অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি লংমার্চকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফল করতে দায়িত্বশীলদের নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, অধ্যাপক নুর নবী মানিক, আবদুস সালাম, মাওলানা মোশাররফ হোসেন, ডা. আতিয়ার রহমান, শেখ শরিফ উদ্দিন আহমদ, ড. মোবারক হোসাইন, আবদুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, মো. শহিদুল ইসলাম, শাহীন আহমেদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।