ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের এক শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় অনতিবিলম্বে তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং অভিযুক্ত প্রভোস্টকে অপসারণের দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের গেটে অবস্থান কর্মসূচি পালনকালে ফজলুল হক মুসলিম হলের নির্যাতিত শিক্ষার্থী ইব্রাহিম ও হল সংসদের জিএস ইমামুল হাসানের কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীলরা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ছাত্র অধিকার সম্পাদক আহসান হাবিব ইমরোজ এবং শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মো. মুসলিমুর রহমানসহ সংগঠনের আরও কয়েকজন দায়িত্বশীল।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দ্রুত প্রকাশ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রভোস্টকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানানো হয়।

ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। কোনো শিক্ষার্থীর ওপর নির্যাতনের অভিযোগ উঠলে তা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করা প্রয়োজন। তদন্ত প্রতিবেদন প্রকাশের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।

তারা শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।