ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরী উত্তর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, কুরআনের আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রে ন্যায়, সততা, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি বলেন, ঢাকা শহরের পরিবর্তনের যে আহ্বান জানানো হয়েছে, সেই পরিবর্তনের আদর্শ ও দর্শনের ভিত্তি হবে কুরআন ও মহানবী (সা.)-এর সুন্নাহ।
তিনি বলেন, “ম্যাথ অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াডসহ নানা ধরনের অলিম্পিয়াড হচ্ছে। এর মধ্যে আমরা কুরআন অলিম্পিয়াড করছি, কারণ আমরা মুসলিম এবং কুরআনে বিশ্বাসী। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের কার্যক্রম কুরআনের আলোকে পরিচালিত হলে ঘুষ, খুন, মাদকসহ নানা অনিয়ম ও অপরাধ থেকে সমাজকে মুক্ত করার পথ তৈরি হবে।”
আজ বেলা ১২টায় মীর আকরামুন্নেসা বালক উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে হাতিরঝিল, রামপুরা অঞ্চলের হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
কুরআন অলিম্পিয়াড আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, “হাজারো প্রতিযোগিতা থাকার পরও আমরা কুরআনের প্রতিযোগিতা বেছে নিয়েছি। ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। আমরা এই ঢাকা শহরকে কুরআনের শহর হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “আমরা ডাক দিয়েছি—‘চলো বদলে দিই ঢাকা উত্তর, চলো আমাদের শহরকে আমরাই গড়ে তুলি।’ আমরা যদি ঢাকা শহরের দায়িত্ব পাই, কুরআন হবে আমাদের সকল কর্মকাণ্ডের মূল ভিত্তি। আল্লাহ ও তাঁর নবী (সা.)-এর সুন্নাহ অনুসরণের মাধ্যমে আমরা এমন নাগরিক ও জনশক্তি গড়ে তুলতে চাই, যারা সৎ, কর্মঠ, দায়িত্বশীল ও মানবিক হবে। তারা অফিসে বসে ঘুষ গ্রহণ করবে না এবং সেবা নিতে আসা মানুষের ওপর জুলুম করবে না।”
সেলিম উদ্দিন বলেন, তারা দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তোলার পাশাপাশি নাগরিকদের দ্রুত সেবা দেওয়ার ওপর গুরুত্ব দিতে চান। এ লক্ষ্যে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে বলে জানান তিনি।
অ্যাপটির বিষয়ে তিনি বলেন, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, হাসপাতালে চিকিৎসা বিল পরিশোধে সহযোগিতা, বাসা থেকে পরীক্ষার নমুনা সংগ্রহ, অ্যাম্বুলেন্স, ফিজিওথেরাপি ও রক্তের প্রয়োজনসহ বিভিন্ন নাগরিক সমস্যার কথা অ্যাপের মাধ্যমে জানানো যাবে। এমনকি বাসার এসি নষ্ট হওয়া বা অন্যান্য প্রয়োজনেও সহযোগিতার ব্যবস্থা করার কথা জানান তিনি।
তিনি বলেন, “আমাদের অ্যাপে জানাতে দেরি হতে পারে, কিন্তু তা মেরামত করতে দেরি হবে না। কোথাও মানুষ দুর্ঘটনায় পড়েছে বা বিপদে পড়েছে—তা আমাদের জানাতে সময় লাগতে পারে, কিন্তু আমাদের কুইক রেসপন্স টিম সেখানে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেরি করবে না।”
ঢাকা উত্তরকে পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য করার পরিকল্পনার কথা জানিয়ে সেলিম উদ্দিন বলেন, আগামী ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ঢাকা শহরের ফুটওভার ব্রিজ, ফুটপাত, ড্রেন, খাল, রাস্তাঘাট এবং বিভিন্ন এলাকার আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হবে। এ কাজে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবীকে সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে ডেঙ্গু মশার বিস্তার রোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের কথা বলেন।
তিনি বলেন, “আমরা ঢাকা শহরকে মানবিক ও বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে চাই। সিটি করপোরেশনের দিকে শুধু তাকিয়ে না থেকে নাগরিকদেরও এই কাজে সম্পৃক্ত করতে চাই। যাদের পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য পর্যাপ্ত জনবল নেই, তাদেরও আমাদের সঙ্গে সহযোগিতার আহ্বান জানাব।”
ভবিষ্যতে ঢাকা শহরের যানজট নিরসন এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কাজ করার কথা জানান তিনি। বর্জ্যকে কীভাবে সম্পদে পরিণত করা যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সেলিম উদ্দিন বলেন, “আমরা শুধু কথা বলার রাজনীতিতে বিশ্বাস করি না। কথাকে কীভাবে কাজে পরিণত করা যায়, সেটাই আমরা করার চেষ্টা করব। আমরা জবাবদিহিমূলক নগর প্রশাসন গড়ে তুলতে চাই এবং নগরবাসীর পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কুরআন অলিম্পিয়াডের মতো আয়োজনের সংবাদ যথাযথভাবে তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।
এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান মূসা, সাপ্তাহিক সোনার বাংলার সহকারী সম্পাদক ড. মুহাম্মদ রেজাউল করিম।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান ক্বারী হাফেজ মাওলানা আব্দুল হকের নেতৃত্বে ২০ জন বিচারক বিচারকার্য সম্পন্ন করেন।
হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর প্রধান পরিচালক মাওলানা খালেদ সাইফুল্লাহ বখশীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, আতাউর রহমান সরকার, হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর পরিচালক অধ্যক্ষ এস এম কামাল উদ্দিন, প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সালাউদ্দিন ভুঁইয়া, সমন্বয়ক মাওলানা আবুল হাসানাত মোহাম্মদ ইমদাদউল্লাহ, কাউন্সিলর প্রার্থী ফজলে আহমেদ, অ্যাডভোকেট জিল্লুর রহমান ও খালিদ সাইফুল্লাহ তারেক, আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।