সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক মো. আমিরুজ্জামান (৫০)।
শনিবার (২২ আগস্ট) তিনি পল্লবী থানায় জিডিটি করেন।
জিডিতে আমিরুজ্জামান উল্লেখ করেন, গত ২০ আগস্ট দৈনিক খবরের আলো-এর ডিজিটাল প্ল্যাটফর্মে ‘জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের অভিযোগে বাবা-ছেলের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে ফের প্রভাব বিস্তারের দাবি এলাকাবাসীর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর পল্লবী এলাকার মো. সাদাকাত খান ফাঁক্কু ও তার ছেলে মো. ইমরান খান তার ওপর ক্ষুব্ধ হন বলে অভিযোগ করা হয়েছে।
জিডির তথ্য অনুযায়ী, গত ২১ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পল্লবীর সেকশন-১২ এলাকায় অবস্থানকালে অজ্ঞাতনামা একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আমিরুজ্জামানের মোবাইল ফোনে কল আসে। কলকারীরা নিজেদের মো. সাদাকাত খান ফাঁক্কু ও তার ছেলে মো. ইমরান খান হিসেবে পরিচয় দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, তারা প্রকাশিত সংবাদটি এক ঘণ্টার মধ্যে ডিলিট করে দিতে বলেন। অন্যথায় সাংবাদিক আমিরুজ্জামান ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দেওয়া হয়। এ সময় তাকে গালিগালাজও করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করেন তিনি।
সাংবাদিক আমিরুজ্জামানের আশঙ্কা, অভিযুক্তরা যেকোনো সময় তার ও পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারেন। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো এবং নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেন তিনি।
একই সঙ্গে জিডিতে অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
জিডির তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বলেন, হুমকির বিষয় উল্লেখ করে শনিবারই জিডিটি করা হয়েছে। ইতোমধ্যে এর কপি হাতে পেয়েছেন তারা।
তিনি বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।