বছরজুড়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জীবন ও চরিত্র নিয়ে ব্যাপক আলোচনা, চর্চা এবং তাঁর আদর্শ অনুসরণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

গতকাল সোমবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, মহান আল্লাহ তাআলা বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. কে সমগ্র মানবজাতির শান্তি, কল্যাণ ও মুক্তির জন্য ‘রাহমাতুল্লিল আলামীন’ হিসেবে প্রেরণ করেছেন। অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা এবং মানবজাতির চূড়ান্ত মুক্তির একমাত্র পথ তাঁর নির্দেশিত আদর্শ অনুসরণ করা।

বিবৃতিতে আমীরে জামায়াত বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের বাস্তব প্রতিফলনই পবিত্র কুরআন। তিনি ছিলেন মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক ও পথপ্রদর্শক।

তিনি বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও আন্তর্জাতিক সম্পর্কসহ জীবনযাপনের সর্বক্ষেত্রে রাসূল সা.-এর পূর্ণাঙ্গ আদর্শ অনুসরণ ছাড়া আল্লাহর সন্তুষ্টি এবং ইহকালীন ও পরকালীন সাফল্য অর্জন সম্ভব নয়।

ডা. শফিকুর রহমান বলেন, সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন গভীরভাবে অধ্যয়ন করা, প্রজ্ঞা ও হিকমার সঙ্গে তা মানুষের কাছে তুলে ধরা এবং দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করা প্রতিটি মুসলিমের অবশ্য কর্তব্য।

তিনি এ চর্চাকে কোনো নির্দিষ্ট দিন বা মাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছর অব্যাহত রাখার আহ্বান জানান।

একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব শাখা সংগঠনকে সীরাতের ওপর আলোচনা সভা, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজনের আহ্বান জানান আমীরে জামায়াত।

দেশবাসীর প্রতি মহানবী হযরত মুহাম্মদ সা.-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হওয়ারও আহ্বান জানান তিনি।