ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেটের এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে আরও দুই সহযোগীর সাথে সালেহ আহমদ নামের ওই যুবক ভারত সীমান্তে অনুপ্রবেশ করে ছিলেন বলে জানিয়েছে বিজিবি।

নিহত সালেহ আহমদ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কারবালারটুক গ্রামের মৃত বিরাম আলীর ছেলে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমদ (৩০), একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মাসুম আহম্মদ (২০) ও নাজিরগাঁও’র সোহেল আহমেদ সাবুর ছেলে সুমন মিয়া (২৫) মাদকের চালান আনার উদ্দেশ্যে ভারতের অন্তত এক কিলোমিটার অভ্যন্তরে চংকেটের ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অনুপ্রবেশ করেন।

তারা সুপারি বাগানের ভেতর অবস্থান করাকালে ভারতীয় খাসিয়ারা চোর সন্দেহে ছড়রা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সালেহ আহমদ মারা যান। পরে তার দুই সহযোগী মরদেহ বাংলাদেশে নিয়ে আসে।