চাঁদপুরের মতলব উত্তরে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ইসলামাবাদ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে ইসলামাবাদে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ টুর্নামেন্ট তরুণদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।
ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাসেদ জামান টিপুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে রায়পুর স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় পশ্চিম সুজাতপুর একাদশ। নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে পশ্চিম সুজাতপুর একাদশ ৩-১ গোলে রায়পুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে জয় লাভ করে।
এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ আলম মুরাদ, পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল্লাহ মুন্সী, ১৩ নম্বর ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলামিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আরও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচ দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।