স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে সর্বদলীয় ছাত্রজনতা বিক্ষোভ সমাবেশ শেষে রাজবাড়ি সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে। ওই অবোরধ ও বিক্ষাভ সমাবেশে যোগ দিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।

তারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে এবং ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।

এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় গাজীপুর জেলা শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে জাতীয় নাগরিক কমিটির জেলা ও মহানগর শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার রাতে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনের সামনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন বিক্ষোভকারীরা।

সমাবেশে ছাত্র-জনতার পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে শ্লোগান দেয় এবং ন্যায়বিচারের দাবি তোলে। পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।