স্টাফ রিপোর্টার, গাজীপুর:
শিক্ষাপ্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট দল গঠন, প্রাথমিক চিকিৎসা কার্যক্রম সম্প্রসারণ ও শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে গাজীপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) গাজীপুর সদর উপজেলার চাপুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সার্বিক সহযোগিতায় আয়োজিত সভায় সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪০ জন ক্রীড়া শিক্ষক অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এ এম আশরাফ হোসেন টুলু। বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য ও মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. জয়নাল আবেদীন তালুকদার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা আক্তার।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজিজুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের উপ-সহকারী পরিচালক ও ইউনিট লেভেল অফিসার মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন। এ সময় গাজীপুর যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক মো. রায়হান হোসেন রিজন, ইসমাইল হোসেন ও আলভী উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যুব রেড ক্রিসেন্ট দল গঠন, দলের নামে পৃথক ব্যাংক হিসাব খোলা এবং একজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা ও উপস্থাপনা করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম পরিচালনার কাঠামো, শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা সহায়তা দেওয়ার বিষয়ে শিক্ষকদের অবহিত করা হয়।
সভাপতির বক্তব্যে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজিজুর রহমান বলেন, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট দল গঠন, পৃথক ব্যাংক হিসাব খোলা এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নিয়োগের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর চিঠি দেওয়া হবে। তিনি এ কার্যক্রম বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত শিক্ষকরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট দল গঠনের বিষয়ে মতামত দেন এবং শিক্ষার্থীদের মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এ এম আশরাফ হোসেন টুলু বলেন, সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী দেশের মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোতে যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম চলমান রয়েছে। যুব সমাজকে সংগঠিত করে মানবিক কাজে সম্পৃক্ত করা এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুই লাখ যুব স্বেচ্ছাসেবক তৈরির লক্ষ্যে রেড ক্রিসেন্ট কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, গাজীপুরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট দল গঠন এবং প্রাথমিক চিকিৎসা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবার মানসিকতা গড়ে তুলতে হবে। এ কার্যক্রম সফল করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। সকলের সম্মিলিত সহযোগিতায় গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।