চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় এ প্লাস পাওয়া পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখা। শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ।

জানা গেছে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল দশটায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা ছাত্রশিবির সভাপতি মুজাহিদ বিল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু আহমেদের সঞ্চালনায় প্রীতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য বিশিষ্ট কার্ডিওলজিস্ট কর্নেল (অব.) ডা. জেহাদ খান, জেলা জামায়াতের নায়েবে আমির ঐতিহ্যবাহী হয়বতনগর এ ইউ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সাবেক নায়েবে আমির মুসাদ্দেক ভূইয়া, কিশোরগঞ্জ - ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতের নবিন সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানসহ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শের আলোয় নিজেদের আলোকিত করারও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, কখনো আমাদের রাজাকার বলা হয়েছে, কখনো বলা হয়েছে যুদ্ধাপরাধী। এখন নতুন একটা শব্দ বের হয়েছে, “গুপ্ত”। তোমাদের এখানে আসার আগেও এই শব্দটি শুনলাম। এত চমৎকার শিল্পকলা একাডেমিতে একটা অনুষ্ঠান হচ্ছে, এরপরও কেউ না কেউ ফেসবুকে এসে বলবে, “গুপ্ত”। অথচ তার সঙ্গেই আমরা একসঙ্গে বসে টকশো করছি, আবার তিনিই আমাদের বলছেন “গুপ্ত”।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অন্যান্য বক্তারা বলেন শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের কয়েকজন তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরেন। এ সময় তারা বাবা-মা, শিক্ষক ও আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে হামদ-নাত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও দলীয় সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা।

কিশোরগঞ্জ জেলা শিবিরের মিডিয়া সম্পাদক এমদাদুল হক এই প্রতিনিধিকে বলেন প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের আমরা আজ সংবর্ধনা দিয়েছি।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, অতিথি ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র এবং ছাত্রী শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায়ই সমান।