বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা: বেহাল দশায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল স্কুল সড়ক, দীর্ঘ দুই যুগের বেশি সময়েও উন্নয়নের ছোঁয়া লাগেনি এ সড়কে, প্রতিদিন চাম্বল স্কুলের ১০ হাজার শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করে। ৬টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ ভূমি অফিস সহ ফরেস্ট অফিসে এই সড়ক দিয়ে সেবা গ্রহীতারা যাতায়াত করে। এতে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়লেও দেখার কেউ নেই, দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

সরেজমিনে পরিদর্শনে গিয়ে চাম্বল উচ্চ বিদ্যালয় সংলগ্ন এসড়কটির বেহাল পরিস্থিতি দেখা যায়। চাম্বল বাজার থেকে চাম্বল উচ্চ বিদ্যালয় হয়ে ভূমি অফিস ও ফরেস্ট অফিস পর্যন্ত সড়কটি খুবই ব্যস্ততম ও জনবহুল চলাচল কিন্তু দীর্ঘ যুগও এসড়কে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি।

সড়কটির এমন বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে এই সড়কের একই অবস্থা। জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও বাস্তবে উন্নয়ন চোখে পড়ে না। অন্যদিকে চালকরা বলছেন, প্রতিদিনই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে- কখনো বেয়ারিং, কখনো এক্সেল বা স্প্রিং ভেঙে যাচ্ছে। আয়-রোজগারের বড় অংশ চলে যাচ্ছে মেরামতে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রতিদিনের এই চরম দুর্ভোগ লাঘব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ইফরাদ বিন মুনীর জানান, সড়কটির সংস্কারের কাজ দ্রুত শুরু হবে।