রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাসের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদ মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুটি ধারায় মোট ৫ বছরের কারাদ- দিয়েছেন আদালত।

গতকাল রোববার দুপুরে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোস্তফা পাভেল রায়হান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা সমন্বিত দুদকের সহকারী পরিচালক আমির হোসেন জানান, গোদাগাড়ী থানার ফাঁদ মামলা নম্বর-২৬ (তারিখ: ১৪ মে ২০১৯) থেকে উদ্ভূত বিশেষ মামলা নম্বর-০১/২০২০ (রাজ.)-এ আসামি নৃপেন্দ্রনাথ দাসের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। রায়ে আদালত দ-বিধির ১৬১ ধারায় তাকে ২ বছরের সশ্রম কারাদ-, ৫ হাজার টাকা অর্থদ- এবং অনাদায়ে আরও ২ মাসের কারাদ- দেন। একইসঙ্গে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৩ বছরের সশ্রম কারাদ-, ৮ হাজার টাকা অর্থদ- এবং অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদ- দেয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৪ মে গোদাগাড়ী পৌর সদরের সরমঙ্গলা একতা মৎস্য চাষী সমবায় সমিতির নিবন্ধনের জন্য আবেদন করেন আব্দুল বাতেন নামে এক ব্যক্তি। নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করতে তৎকালীন উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাস তার কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ ওঠে।