জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের জিয়ানগর উপজেলায় দাখিল পরীক্ষা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে পাঁচজন পরীক্ষার্থী। পরে তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার জিয়ানগর ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, জিয়ানগর সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং পাড়েরহাটের টগড়া কামিল মাদরাসা কেন্দ্রে পৃথকভাবে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দাখিলের আরবি প্রথম পত্র পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যেই পত্তাশী এস দাখিল মাদরাসার তিন শিক্ষার্থী লামিয়া আক্তার, বিথী আক্তার ও আজিমা এবং চন্ডিপুর বাগেরহাটের আজিজিয়া দাখিল মাদরাসা ও কালাইয়া রাজিয়া রশিদ দাখিল মাদরাসার শিক্ষার্থী মারিয়া আক্তার অসুস্থ হয়ে পড়ে। এতে তাদের পরীক্ষা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খবর পেয়ে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা নেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়সহ অন্যান্য চিকিৎসকরা শিক্ষার্থীদের চিকিৎসা দেন।