ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলামের উদ্যোগে মাস্টারদা সূর্য সেন হলে ১০টি আধুনিক কম্পিউটারসম্বলিত ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২:০০টায় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম সেন্টারটি উদ্বোধন করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন অর্থায়নকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ড. তৈয়বুর রহমান, হল সংসদের ভিপি আজিজুর রহমান, জিএস জাবির হোসেন, এজিএসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টারটি সার্বিক বাস্তবায়ন করেন ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম এবং মাস্টারদা সূর্য সেন হল সংসদ বাস্তবায়নে সহযোগিতা প্রদান করেন।

Modern IT and Career Center Established at Surya Sen Hall Under DUCSU Initiative._16x9

উদ্বোধন-পরবর্তী বক্তব্যে ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে হলের অভ্যন্তরে একাডেমিক লজিস্টিকসের পর্যাপ্ততা বাড়ানো অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি (IT) ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আমি প্রতিটি আবাসিক হলে ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছি।

তবে এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সহজ ছিল না। প্রশাসনিক জটিলতা কাটিয়ে ওঠা এবং প্রতিটি হলে ক্যারিয়ার সেন্টার স্থাপন করা আমাদের জন্য একটি বিশাল আর্থিক চ্যালেঞ্জ ছিল। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমি দীর্ঘ ১১ মাস বিভিন্ন দাতা সংস্থা, কর্পোরেট প্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং সরকারি দপ্তরে ল্যাব স্থাপনের প্রস্তাবনা নিয়ে ঘুরেছি। আলহামদুলিল্লাহ, আমাদের দীর্ঘদিনের সেই অক্লান্ত পরিশ্রম আজ সফলতার মুখ দেখছে। প্রথম দুটি হলের পর আজ তৃতীয় হল হিসেবে সূর্যসেন হলে এই ল্যাবের সফল উদ্বোধন সম্পন্ন হলো। আমরা পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বাকি হলগুলোতেও এই আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টারটি উদ্বোধন করব, ইনশাআল্লাহ।”

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, “এই কম্পিউটার ল্যাবটি আমাদের ইশতেহারে ছিল না। শিক্ষার্থীদের প্রয়োজনীয়তার দিক বিবেচনা করে ইশতেহারের বাইরেও আমরা অনেক উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীদের একাডেমিক কাজ থেকে শুরু করে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্সের প্রশিক্ষণ এবং একই সঙ্গে একটি ই-লাইব্রেরি হিসেবে ল্যাবটি ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে আমরা কার্যকরী পদক্ষেপ নেব।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রফিকুল ইসলাম কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য ডাকসু নেতৃবৃন্দ, দাতা ব্যক্তি এবং হল সংসদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সূর্যসেন হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আজ পূর্ণতা পেল। এই ল্যাবের সার্বিক তত্ত্বাবধান এবং এটিকে আরও বেশি ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে হল প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।