মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়ায় অবস্থিত ‘আকিজ ইস্পাত’ কারখানা থেকে নির্গত কালো ধোঁয়ায় মারাত্মক পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় কারখানাটি পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
স্থানীয়রা জানান, প্রতিদিন সন্ধ্যার পর আকিজ ইস্পাত মিল থেকে অনবরত কালো ধোঁয়া নির্গত হতে থাকে। প্রতিনিয়ত বিষাক্ত কালো ধোঁয়া ছড়িয়ে পড়ায় মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালক, স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থী এবং হাসপাতালে আগত রোগীসহ পুরো এলাকার মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
এলাকাবাসীর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আকিজ ইস্পাত কারখানাটি সরেজমিনে পরিদর্শন করে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের সন্তানেরা যদি নিঃশ্বাসই নিতে না পারে, তাহলে শিল্পায়ন দিয়ে কী হবে? এখানে যে দূষণটা হচ্ছে, সেটার জন্য সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে; বিশেষ করে এখানকার শ্রমিক এবং বাইরে বসবাসকারী সাধারণ মানুষ।”
পরিবেশ দূষণকারী এই শিল্পপ্রতিষ্ঠানটির বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “আমরা যেহেতু বিষয়টি জানলাম এবং আপনাদের অভিযোগ পেলাম; এখন ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিক্যালি এটা কতটুকু প্রভাব ফেলছে বা ক্ষতি করছে, সেটা আমরা মূল্যায়ন (ইভালুয়েট) করে দেখব। তারপর ব্যবস্থা নেওয়া হবে।”
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা।
পরিবেশ দূষণ রোধে সরকারের এমন তাৎক্ষণিক পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, দ্রুতই কারখানাটির বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।