গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার ধলাদিয়া ডিগ্রি কলেজ মাঠে টুর্নামেন্টের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে রাজাবাড়ী ইউনিয়ন ফুটবল দল ও প্রহলাদপুর ইউনিয়ন ফুটবল দল পরস্পরের মুখোমুখি হয়। ম্যাচকে ঘিরে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তিনি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি আইয়ুব আলী, শ্রীপুর পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল হোসাইন, প্রহলাদপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলম, রাজাবাড়ী ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার হোসেন বিএসসি ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।