স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় চকরিয়া পৌরশহরের সিস্টেম কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্টেশন চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জকরিয়া, উপজেলা কৃষকদলের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন পুতু ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি কামরুল হাসান জাস্টিস।

এ সময় চকরিয়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর কড়া সমালোচনা করে বক্তারা বলেন, "সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য কারো জন্যই কোনোভাবেই কাম্য নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এ ধরনের অশালীন ভাষা পরিহার করে দেশ গড়ার ঐক্যবদ্ধ প্রয়াসে ইতিবাচক সমালোচনার আহ্বান জানাচ্ছি।"