বরিশাল অফিস : মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বরিশাল মহানগর ও জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার নগরীর টাউনহল চত্বরে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে ও মহানগর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ আতিকুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার।
প্রধান অতিথি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বাংলাদেশ দ্বিতীয়বারের মত স্বাধীন হলেও বাংলাদেশের বৈষম্য এখনো দূর হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলেও তাদের ব্যাপারে চরম বৈষম্য করা হচ্ছে। চরম জুলুম করা হয়েছে এটিএম আজহারুল ইসলামের উপর। মিথ্যা রায়ের বিরুদ্ধে আপিল করা হয় কিন্তু আওয়ামী কোর্টে তার ফাঁসি বহাল থাকে। ফ্যাসিস্টরা যে রায় দিয়েছিলো, সেই রায় এখনো কিভাবে কার্যকর থাকে সে প্রশ্ন করেন।