টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা : মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
কক্সবাজারে টেকনাফের বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদুরে সাগর পথে অবৈধভাবে মায়ানমারে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচারের সময় তাদের আটক করা হয়।
শুক্রবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন সেন্টমার্টিন এর দক্ষিণে ছেড়া দ্বীপ এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোট কে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখা যায়। এসময় কোস্টগার্ড সদস্যরা বোটের গতিবিধি লক্ষ করে অভিযান চালায়।
এদিকে বঙ্গোপসাগরে সরকারী ভাবে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলমান থাকায় উক্ত এলাকায় বোট থাকা বেআইনি। এরই সূত্র ধরে কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন কর্তৃক বোটটিকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে জাহাজ দ্বারা বোটটিকে আটক করে তল্লাশি অভিযান পরিচালনা করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয় বাংলাদেশ কোস্টগার্ড। আটককৃত পাচারকারিরা কক্সবাজার এবং চট্টগ্রামের বাসিন্দা বলে জানায়।
তিনি আরো জানান, পরবর্তীতে জব্দকৃত সার টেকনাফ কাস্টমসে হস্তান্তর করা হয় এবং আটককৃত পাচারকারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান কোস্টগার্ডের ওই কর্মকর্তা।