উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে হলবাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় দলের প্রতিষ্ঠার ইতিহাস, রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কুমারখালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র‌্যালিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম আনসার প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু।

এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।