লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে দিন দিন বাড়ছে হাম আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। গত তিন মাসে জেলায় হাম উপসর্গ নিয়ে ৩৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পরীক্ষায় চারজনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশু ভর্তি হয়েছে। শনিবার এসব তথ্য জানান, লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবু হাসান শহীন।

তিনি বলেন, ভর্তি হওয়া ৩৯ জনের নমুনা পরীক্ষার পর চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দুই শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছে ১২ শিশু। পরিস্থিতি মোকাবিলায় সেখানে ১০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।

চিকিৎসকদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। কোনো শিশুর পাঁচ থেকে সাত দিন জ্বর থাকা, শরীরে চুলকানি, ঘন ঘন কাশি ও বমিভাব দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। সাধারণত চার মাস থেকে ১১ মাস বয়সী শিশুরা বেশি ঝুঁকিতে থাকলেও বড় শিশুরাও আক্রান্ত হতে পারে।

সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের বাসিন্দা সেলিনা জাহান জানান, তাঁর সন্তান কয়েকদিন ধরে জ্বর, কাশি, চুলকানি ও বমিতে ভুগছিল। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

একইভাবে টুমচর এলাকা থেকে আসা এক মা তার ১০ মাস বয়সী শিশুকে একই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করেছেন। কালিরচর এলাকার আমেনা বেগম বলেন, প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও শিশুর অবস্থার উন্নতি হয়নি। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, সে হাম রোগে আক্রান্ত।