আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনিতে বিষাক্ত মদ্যপানে স্বেচ্ছাসেবক দল নেতাসহ ২ যুবকের মৃত্যু হয়েছে। নিহত দুই যুবক হলেন জাকির হোসেন টিটু ও নাজমুল গাজী। তারা উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেতুলিয়া গ্রামের জাফর আলী খাঁ ও সোহরাব গাজীর ছেলে। একই ঘটনায় মারাত্মক অসুস্থ অবস্থায় আরও ৯ যুবককে উপজেলা ও জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ফারুক ও ইমরান নামে আরও দুই যুবকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। মঙ্গলবার(১ এপ্রিল) দিবাগত মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন টিটু ও নাজমুলের মৃত্যু হয়। এর আগে ঈদের দিন সন্ধ্যায় মদ্যপানের পর রাত ১২ টার দিকে মারাত্মক অসুস্থতা বোধ করলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের সাইদ সরদারের ছেলে ফারুক হোসেন, মোকামখালী গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান, মিত্র তেঁতুলিয়ার মর্জিনা খাতুনের ছেলে ইকবাল, কামরুলের ছেলে লিপ্টন, আজিবার সরদারের ছেলে রবিউল, শহীদ গাজীর ছেলে তুহিন, আনিছের ছেলে নাজমুলসহ ৯ যুবক। এদের মধ্যে অবস্থা আশংকাজনক হওয়ায় ফারুক হোসেনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও ইমরানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।