সাতক্ষীরা জেলার জুলাই মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী। সোমবার (১৭ আগস্ট) জেলা পুলিশের মাসিক সভায় তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক সভায় জেলা পুলিশ সুপার (এসপি) আবু সালেহ মো. আশরাফুল আলম আনুষ্ঠানিকভাবে ওসি সাফিউল ইসলাম পাটোয়ারীর হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় বিভিন্ন অভিযানে যুক্ত থেকে দক্ষতার পরিচয় দেওয়ায় এসআই আনোয়ার, এসআই সুদীপ, এএসআই নবী ও এএসআই জাফরকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিথুনসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, মামলা তদন্ত ও নিষ্পত্তি, জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় রাখাসহ সার্বিক কর্মকাণ্ডের মূল্যায়নের ভিত্তিতে জুলাই মাসে শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারীকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় শ্যামনগর থানার পুলিশ সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহলের পক্ষ থেকেও তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।

সম্মাননা পাওয়ার পর ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, “এ অর্জন শ্যামনগর থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের সেবায় আরও আন্তরিকতার সঙ্গে কাজ করব, ইনশাআল্লাহ।