স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করতে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এসব সেন্টারে চাকরির প্রস্তুতির পাশাপাশি ভাষা শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, নেতৃত্ব, সৃজনশীলতা ও বিভিন্ন দক্ষতা উন্নয়নে কার্যক্রম পরিচালনা করা হবে।
সোমবার (১৭ আগস্ট) ঢাকার লালমাটিয়া সরকারি মহিলা কলেজ মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) ও লালমাটিয়া সরকারি মহিলা কলেজের যৌথ উদ্যোগে পরিচালিত ন্যাশনাল ইউনিভার্সিটি এমপ্লয়েবিলিটি রিফর্ম ইনিশিয়েটিভের (NUERI) ‘ব্রিজিং অ্যাসপিরেশন টু অ্যাচিভমেন্ট’ শীর্ষক ক্যারিয়ার সেন্টার প্রকল্পের গ্র্যাজুয়েশন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
ভিসি বলেন, ক্যারিয়ার সেন্টারের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ ও সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য পরিকল্পিতভাবে প্রস্তুত হওয়ার সুযোগ পাবে। ক্যারিয়ার পরিকল্পনা, যোগাযোগ দক্ষতা, ভাষাগত সক্ষমতা, নেতৃত্ব, দলগত কাজ ও সমস্যা সমাধানের মতো সফট স্কিলের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশেও এসব সেন্টার ভূমিকা রাখবে।
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে সময়োপযোগী ও কর্মমুখী করতে বিভিন্ন সংস্কার কার্যক্রম চলছে। এআই, রোবোটিকস, ডেটা সায়েন্স, হসপিটালিটি ম্যানেজমেন্টসহ শ্রমবাজারে চাহিদাসম্পন্ন বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের শ্রমবাজারের পাশাপাশি বৈশ্বিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সক্ষম করে তোলাই এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য।
ড. আমানুল্লাহ বলেন, 'এখনই যদি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে সংস্কার করতে না পারি, তাহলে আগামী ২০ বছরেও হয়তো এই সুযোগ আসবে না। আমাদের কোনো ব্যক্তিগত এজেন্ডা নেই। আমাদের একটাই লক্ষ্য-জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে প্রতিষ্ঠা করা।'
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিপুলসংখ্যক কলেজ মফস্বল ও প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এসব প্রতিষ্ঠানে শিক্ষার মান ও সুযোগ-সুবিধা বাড়ানো বড় চ্যালেঞ্জ হলেও তা মোকাবিলায় পরিকল্পিতভাবে কাজ চলছে। শিক্ষার্থীরা যেন শুধু সনদ অর্জন না করে বাস্তব জীবনের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা নিয়ে কর্মজীবনে প্রবেশ করতে পারে, সে লক্ষ্যেই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকার রাশিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয়। লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা মাহমুদা ইয়াসমীন স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, উপাধ্যক্ষ ড. বিলকিস বেগম, বিওয়াইএলসির ভারপ্রাপ্ত ইনচার্জ ও সিনিয়র ম্যানেজার হাবিবুল্লাহ তামিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্যারিয়ার সেন্টার প্রকল্পের প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।