নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবুল হোসেন বাহার (৪৭) নামে বিএনপির ওয়ার্ড সেক্রেটারিকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। তিনি বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির মৃত নূর মিয়ার ছেলে।
নোয়াখালী সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার অস্ত্রসহ আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল হোসেন বাহারকে অস্ত্র-গুলীসহ আটক করা হয়েছে। পরে তাকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
আটকের সময় তার থেকে একটি পিস্তল, একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ জব্দ করা হয়েছে।
সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন জেলার মোঃ শাহিনুর (৫২)। তিনি তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও তাহিরপুর থানাধীন ঠাকুরহাটি গ্রামের মৃত গিয়াসউদ্দিন এর পুত্র। লিটন মিয়া (৩৫)। তিনি ছাতক থানাধীন তকিপুর গ্রামের বাসিন্দা ও ছাতক উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
ফরিদপুর : ফরিদপুরের বিভিন্ন উপজেলায় ডেভিল হান্টের বিশেষ অভিযানে এক ইউপি সদস্যসহ ছয় আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ফরিদপুর জেলা পুলিশ সূত্রে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে রবিবার বিকেলে ও ওইদিন দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী বা সহযোগী তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
পঞ্চগড় : পঞ্চগড় জেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘন্টায় আওয়ামীলীগ, যুবলীগ ও কৃষকলীগের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয় থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন করে ৫ জন আওয়ামীলীগ, যুবলীগ ও কৃষকলীগের নেতা -কর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান এলাকা থেকে ১১৫ কেজি গাজাঁ ও ৭ বোতল বিদেশী মদ জব্দ করছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।
সম্প্রতি সাতছড়ি বিওপি'র একটি টহল দল হাবিলদার মোঃ আব্দুল কুদ্দুসের নেতৃত্বে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী ন্যারাক্ষেত নামক এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করা হয়।
উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পৌরসভার রামদাস ধনিরাম হাজিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে রামদাস ধনিরাম হাজিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ৭০ গ্রাম গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। পরে আটককৃত দুইজনকে উলিপুর থানায় সোপর্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসা করে আসছিলো।
ভূঞাপুর (টাঙ্গাইল): চলমান অপারেশন ডেভিল হান্টে টাঙ্গাইলের ভূঞাপুরে মো. ইসমাইল হোসেন ওরফে ইকো মিঞা (৩৬) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ। টাঙ্গাইল সদর থানার মাধ্যমে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভূঞাপুর থানা পুলিশ।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পৌর শহরের ফসলান্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত ইকো মিঞা উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি উপজেলার অর্জুনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ইকো মিঞার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় ডেভিল হান্টের অভিযানে তাকে গ্রেপ্তার করে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করলে টাঙ্গাইল থানা পুলিশ আদালতে প্রেরণ করে।
রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।চান্দাইকোনা ইউনিয়নের নিঝুড়ি গ্রামের হাসিনা ইট ভাটার নিকট ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার হয়েছে। এলাকাবাসী জানায়, প্রতিদিনের ন্যায় আমরা আজ সকালে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম। হঠাৎ রাস্তার পাশে অজ্ঞাতনামা যুবকের লাশটি দেখতে পাই। পরে রায়গঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগ করলে, পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যপারে রায়গঞ্জ থানার (অফিসার ইনচার্জা (ওসি) আসাদুজ্জামান আসাদ ও (এসআই) ইয়াছিন জানান, আমরা খবরপেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তাৎক্ষণিক লাশটির কোন পরিচয় নিশ্চিত করা যায়নি এবং মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জে পাঠানোর প্রক্রিয়া চলছে ।
মাধবদী (নরসিংদী): ৪৬ কেজি গাঁজাসহ নরসিংদীতে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প সদস্যরা। নরসিংদী পৌর শহরের শালিধা নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় চাচাতো ভাইয়ের মাছের ভেড়ি থেকে বকুল হোসেন (৪৭) নামে এক প্রবাস ফেরত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের বেড়গোবিন্দপুর বিশ্বাসপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।
উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের চৌগাছা-শার্শা সড়কের পাশের মশ্ব্যমপুর মাঠের শিমুল হোসেনের মাছের ভেড়ি থেকে তার লাশ উদ্ধার হয়।
শ্যামনগর (সাতক্ষীরা) : সুন্দরবনের ত্রাস, চিহ্নিত চাঁদাবাজ, হত্যা মামলার আসামী ও সাজাপ্রাপ্ত অভিযোগে শেখ আব্দুল হাকিমের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়রা জানান, ১৬ ফেব্রুয়ারি (রবিবার) সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় উপকূলীয় জনপদ গাবুরাবাসীর আয়োজনে শত শত নারী, পুরুষ ও শিশুরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন।
বাসাইল (টাঙ্গাইল) : টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশন অভিযানে হাবিবুর রহমান ভূইয়া হাবিব নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার কাউলজানীর মহিষখালী বাজার থেকে তাকে গ্রেফতার করে যৌথবাহিনী।
মুরাদনগর (কুমিল্লা) : মুরাদনগরে এক সন্তানের জননী গৃহবধূ ডলি রানী দেবী(২৬)কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী,দেবর,শশুর ও শাশুড়ী বিরুদ্ধে। গত মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারী) বিকালে মুরাদনগর উপজেলার ৫নং পূর্বধৈইড় পশ্চিম ইউনিয়নের হাটাশ গ্রামের উত্তর পাড়া বসন্ত নাথের বাড়ী স্বামী ঝন্টু দেবনাথ ঘর থেকে ডলি রানী দেবী ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা জেনারেল সরকারি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ডালি রানী দেবী হাটাশ গ্রামের ঝন্টু দেব নাথের স্ত্রী। গতকাল বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ওসি মোঃ মাহফুজুর রহমান।
ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরে ঝিনাইগাতীতে পুলিশের নাম ভাঙ্গিয়ে গরুচুরি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন ৩ জন। বুধবার ১৯ ফেব্রুয়ারি রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের ফাকরাব গ্রামে এ ঘটনা ঘটে। গণধোলাইয়ের শিকার হওয়া ব্যক্তিরা হচ্ছে,
উপজেলার গৌরিপুর ইউনিয়নের দুধনই তালতলা এলাকার আব্দুল আজিজের ছেলে খোরশেদ আলম মিয়া (৪০), আব্দুল লতিফের ছেলে গোলাম রাব্বি(২০) ও সাইদুল ইসলামের ছেলে শামীম মিয়া (২৫)।
সাঁথিয়া (পাবনা): পাবনা সাঁথিয়ায় চুরি, ডাকাতি মারামারিসহ নয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আশরাফুল (৩২) নামে এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আশরাফুল সাঁথিয়া কলেজ পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। বৃহস্পতিবার দুপুরে সাঁথিয়া পৌরসভাধীন টেলিফোন এক্সচেন্জ অফিসের পাশে এঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে হাত কাটা কব্জির সন্ধান পাইনি পুলিশ।