প্রধানমন্ত্রী ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও কটূক্তিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরের আদালতপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী জুলাই চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

একই দাবিতে টঙ্গীতেও পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। টঙ্গীর কাদেরিয়ি টেক্সটাইল মিলস থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়।

দুটি কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা সিফাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ বিলসহ কোনো নাগরিক সমস্যা নিয়ে অভিযোগ বা অসন্তোষ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে তুলে ধরার সুযোগ রয়েছে। তবে কোনো রাজনৈতিক নেতা, প্রধানমন্ত্রী কিংবা সরকারের দায়িত্বশীল ব্যক্তিকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ বা কটূক্তিপূর্ণ বক্তব্য দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও সরকারের কর্মকাণ্ডের সমালোচনা গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক অংশ। তবে মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি অন্যের সম্মান ও মর্যাদা রক্ষার দায়িত্বও রয়েছে। রাজনৈতিক বক্তব্যে শালীনতা, দায়িত্বশীলতা ও সংযম বজায় রাখা জরুরি।

বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কোনো বক্তব্য ছড়িয়ে পড়ার আগে এর প্রভাব সম্পর্কে সংশ্লিষ্টদের সচেতন থাকা প্রয়োজন। কুরুচিপূর্ণ বা উসকানিমূলক বক্তব্যের বিষয়ে যথাযথ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

একই সঙ্গে ভবিষ্যতে কেউ যেন সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে দায়িত্বজ্ঞানহীন, উসকানিমূলক কিংবা ব্যক্তিগত আক্রমণাত্মক বক্তব্য না দেন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান নেতারা। তারা রাজনৈতিক পরিবেশকে শালীন ও সহনশীল রাখতে সব পক্ষের প্রতি আহ্বান জানান।

টঙ্গীর কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল নেতা ও গাজীপুর মহানগর যুবদলের সভাপতি সাজিদুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণ, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ সুমন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ ফয়সালসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গাজীপুর মহানগরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, ইমরান রেজা, নাজমুল খন্দকার সুমন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।