গত ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় এবং দেশবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার।
রোববার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চ অনুষ্ঠিত হয়েছে।
লংমার্চ সফল করতে দেশবাসী, ১১ দলীয় ঐক্যের শীর্ষ ও তৃণমূলের নেতাকর্মী, পুলিশ ও সিভিল প্রশাসনের সদস্য, ট্রাফিক বিভাগ, জেলা প্রশাসন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মী, লংমার্চের রুটের যাত্রী ও পথচারী, পথের পাশে দাঁড়িয়ে লংমার্চকে অভিবাদন জানানো সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার এবং সড়ক বিভাগের সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চ সফল করতে ঢাকা থেকে চট্টগ্রামের লালদীঘির ময়দান পর্যন্ত লাখ লাখ মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বহরকে অভিবাদন জানিয়েছেন। এটি জনগণের প্রাণের দাবি আদায়ের জন্য তাদের ত্যাগ ও সমর্থনের বহিঃপ্রকাশ।
তিনি বলেন, বিভিন্ন পথসভায় হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে, ১১ দলীয় ঐক্যের দাবিগুলো কোনো দলীয় দাবি নয়; বরং এগুলো জনগণের প্রাণের দাবি। জনগণের ন্যায্য দাবি আদায়ের আগামী দিনের কর্মসূচিতে দেশবাসী আরও বেশি সম্পৃক্ত হবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
লংমার্চ কর্মসূচির কারণে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তির জন্য দেশবাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি জানান, আগামী ১৯ সেপ্টেম্বর একইভাবে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। ওই কর্মসূচি সফল করতে দেশবাসী, ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।