চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম-১৩) আসনের সম্ভাব্য প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রাটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, আমাদের সামনে রোজা স্বাগত জানাচ্ছে। রমজানের শিক্ষায় আমাদের দেশ ও নিজেকে পরিচালনা করতে হবে। এই পবিত্র রমজানের বদরের যুদ্ধের অনুপ্রেরণায় দ্বীন কায়েমের আমাদের শপথ নিতে হবে।

শুক্রবার বিকেল ৫টায় রমজানকে স্বাগত জানিয়ে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিল ও সমাবেশ করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারকে আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য সহনীয় করতে এখনি কার্যকর উদ্যোগ নিতে হবে। রমজানের পবিত্রতা রক্ষায় কাজ করতে হবে। এসময় তিনি জামায়াতের শীর্ষ নেতা এটিএম আজহারের দ্রুত মুক্তি দাবি করেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পশ্চিমের ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রাটারি আবুল হাসান খোকা, সহকারী সেক্রাটারি নাছির উদ্দীন শাহ্, বায়তুলমাল সেক্রাটারি মাস্টার শহীদুল্লাহ্, উপজেলা কর্ম পরিষদের সদস্য আতিক জামালী, চট্টগ্রাম জেলা পশ্চিমের ছাত্রশিবিরের মিডিয়া সম্পাদক আমির উদ্দীনসহ উপজেলা জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

এর আগে শুক্রবার বাদে আছর কর্ণফুলী উপজেলার ক্রসিং বাজার এলাকায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামী। মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ক্রসিং বাজার এলাকা থেকে শুরু হয়ে কলেজ বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম-১৩) আসনের সম্ভাব্য প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রাটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. ইসমাইল হক্কানী ও কর্ণফুলী উপজেলা জামায়াতে আমীর মনির আফসার চৌধুরী।

উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুদ্দীন জাহাঙ্গীর, ইলিয়াছ মেম্বার, মুছা মেম্বার, মো. ইমরোজ, আব্দুর রহমান, অ্যাডভোকেট মো. হারুন, জিয়াউর রহমান।